জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া লক্ষ্মীপুরের সাদ আল আফনানের বাড়িতে ভাঙচুরের চেষ্টার অভিযোগে নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত শহীদ আফনানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ সাদ আল আফনানদের বাড়িটি দুই ইউনিটে বিভক্ত। এক অংশে আফনানের পরিবার এবং অপর অংশে তার খালার পরিবার বসবাস করে। ওই সূত্রে অভিযুক্ত রাসেল হোসেন পাটওয়ারী, যিনি আফনানের খালাতো ভাই, মঙ্গলবার রাতে তার নিজ অংশে দুই যুবক ও তিন নারীসহ অবস্থান নেন।
অভিযোগ রয়েছে, বুধবার সকালে তারা আফনানদের অংশে বসবাসরত ভাড়াটিয়াদের দরজায় জোরে জোরে ধাক্কাধাক্কি করেন। এতে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে বিষয়টি আফনানের পরিবারকে জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।আটকরা হলেন, চররুহিতা এলাকার বেলায়েত হোসেন পাটওয়ারীর ছেলে রাসেল হোসেন পাটওয়ারী, ঢাকার লালবাগের আজিমপুর এলাকার মৃত মোহাম্মদ কাশেমের ছেলে জাহিদ (২৯), সুবহান তারু মিয়ার ছেলে জুয়েল হোসেন শ্যামল (২৯), বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার জামালের মেয়ে মিম আক্তার (১৮) ও ফাতেমা আক্তার (১৫), এবং দিনাজপুরের খানসামা উপজেলার মাথাভাঙ্গা এলাকার শহিদুল ইসলামের মেয়ে সুলতানা আক্তার বুলবুলি (লামিয়া) (১৯)।
থানায় নেওয়ার পর শহীদ সাদ আল আফনানের মা নাছিমা বেগম আটক ব্যক্তিদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ না দিয়ে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়ার সুপারিশ করেন বলে জানা যায়। তবে এ সময় পুলিশ জানতে পারে, আটক জুয়েল হোসেন শ্যামলের বিরুদ্ধে ঢাকার লালবাগ থানায় দায়ের করা জুলাই হত্যা মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। বিষয়টি জানাজানি হলে তাকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বাড়ির ভাড়াটিয়া রুমি আক্তার বলেন, "সকালে হঠাৎ রাসেল আমাদের দরজায় জোরে জোরে ধাক্কাধাক্কি শুরু করে। সে চিৎকার-চেঁচামেচিও করছিল। আমরা খুব ভয় পেয়ে যাই। পরে বিষয়টি বাড়ির মালিকপক্ষকে জানাই। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জুলাইযোদ্ধা মাহবুব আলম নোমান বলেন, "সকালে আফনানের মা আমাকে ফোন দিয়ে বিষয়টি জানান। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি এবং ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে পুরো ঘটনার সত্যতা দেখতে পাই। শহীদের পরিবারের বাড়িতে এ ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি জুলাই হত্যা মামলার আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক ছয়জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।